আজকের এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ০১:১০

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। সচিবালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা স্থগিতের এ ঘোষণা দেন। তিনি বলেন, বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আমরা আশা করছি, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরবর্তী সময়ে হরতাল প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের ধর্মবিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে হরতালের কারণে মোট চার দিনের পরীক্ষা পেছানো হয়। এর মধ্যে প্রথম ২ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শুক্রবার ও শনিবার। বাকি দুই দিনের পরীক্ষা আগামী শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।