মৃত ঘোষণার এক ঘণ্টা পর নড়ে উঠল রোগী ডাক্তার লাঞ্ছিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ০১:২৭

বকশীগঞ্জ সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী ও রোগীর স্বজনরা। লাঞ্ছিত হয়েছেন কর্তব্যরত চিকিত্সক ডা: আসিফ রায়হান চৌধুরী। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে।

রোগীর স্বজনরা জানান, বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়া এলাকার সামছুল হকের পুত্র মজিবুর রহমান (৪৫) গতকাল নিজ বাড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বকশীগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিত্সা না দিয়ে ডাঃ আসিফ তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর বাড়িতে নিয়ে যাওয়া হলে তিনি প্রায় এক ঘণ্টা পর নড়েচড়ে ওঠেন। সঙ্গে সঙ্গে তাকে আবার হাসপাতালে নেয়া হয়। বকশীগঞ্জ হাসপাতালের টিএইচও হিবরুল বারী বলেন, চিকিত্সা দেয়ার কিছুক্ষণ পর মজিবুর রহমান মারা যান।
এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও রোগীর স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করে। লাঞ্ছিত হন ডা: আসিফ রায়হান চৌধুরী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মজিবুরের ভাই হাবিবুর রহমান ও স্ত্রী মর্জিনা বেগমের দাবি ডাক্তারের অবহেলার কারণেই মজিবুরের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হিবরুল বারী জানান, মজিবুর রহমান হার্ট অ্যাটাকে মারা গেছেন।