জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘পেট্রোল বোমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। হত্যার রাজনীতি-রাজনীতিকেই হত্যা করে। এই রাজনীতিকে নির্বংশ করতে হবে। এ রাজনীতি পরিত্যাগ করতে হবে। ক্ষমতার রাজনীতির মুখে থুথু দেই।’ গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা দেশে কোনো অসুস্থ রাজনীতি চাই না। এর অবসান চাই। কারণ রাজনীতিকরা আজ সমাজের ঘৃণ্যবস্তু। আমরা বঙ্গবন্ধু ও সোহরাওয়ার্দীকে দেখেছি। তাদের আমরা স্মরণ করি। কিন্তু আমাদের কেউ স্মরণ করবে না, ঘৃণা করবে। আমরা আজ যে ঘৃণার রাজনীতি সৃষ্টি করেছি এর শিকার আজ আমরাই।’ আয়োজক সংগঠনের সভাপতি হারিছ মো. আবুল বাশারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায় ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।
