গোবিন্দগঞ্জ উপজেলায় আব্দুল হামিদ প্রধান হিরু মিয়া (৩৫) নামে উপজেলা যুবলীগের এক নেতাকে বুধবার দিবাগত গভীর রাতে খুন করেছে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে বুধবার গভীর রাতে বাড়ি যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত হিরু গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক এজিএস এবং উপজেলা যুবলীগের সদস্য। উপজেলা যুবলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রকেট তার দলীয় পরিচয় নিশ্চিত করেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, নিহতের ভাই ও স্বজনরা থানায় এসে তার পরিচয় সনাক্ত করেন। তবে মোটরসাইকেলটির এখনও কোন সন্ধান মেলেনি।
তিনি আরো জানান, লাশের গলার নিচে, চোঁখে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
