গাইবান্ধায় যুবলীগ নেতা খুন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৪৮
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল হামিদ প্রধান হিরু মিয়া (৩৫) নামে উপজেলা যুবলীগের এক নেতা খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। হিরু মিয়া উপজেলা আওয়ামী যুবলীগ কমিটির সদস্য ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বুধবার রাত দেড়টার দিকে হিরু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে রওনা হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন সাপমারা গ্রামের একটি সরিষার ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ সকালে লাশটি উদ্ধার করে। সকাল ১০ টার দিকে নিহতের ভাই ও স্বজনরা খবর পেয়ে থানায় এসে তার পরিচয় শনাক্ত করেন। তবে মোটরসাইকেলটির এখনও পাওয়া যায়নি।
তিনি আরো জানান, লাশের গলার নিচে, চোঁখে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।