জাতিসংঘের উদ্যোগে গৃহীত ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দেশের নির্বাচিত সংসদ এবং স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে উচ্চ পর্যায়ের এক ইন্টারপার্লামেন্টারি বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রচার বিভাগ জানায়, বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংসদ সদস্যদের তদারকি কৌশল নিয়ে মত বিনিময় করেন।
বৈঠকে সাবের হোসেন চৌধুরী আশা প্রকাশ করেন, ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের তদারকিতে সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব হলে জনগণের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে কার্যকর কৌশল প্রণয়নের জন্য তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনসহ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাবের হোসেন চৌধুরী পরে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাম কুটেশা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করেন।
