ময়মনসিংহের নান্দাইলের রায়পাশা গ্রামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ অভিযোগে স্থানীয় লোকজন অভিযুক্ত নাজমুল হোসেন নাঈম (২২) নামে এক যুবককে আটক করে গত বুধবার সন্ধ্যায় পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্যাতিত ওই পরীক্ষার্থী ও গ্রেপ্তার হওয়া যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে কিশোরগঞ্জের একটি উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। হরতাল ও অবরোধের কারণে পরীক্ষা পেছানোর ফলে সে গ্রামের বাড়ি নান্দাইলের জাহাঙ্গীপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে চলে আসে।
গত মঙ্গলবার গভীর রাতে বাড়ির শয়ন কক্ষ থেকে তার মেয়ের চিৎকার শুনে তিনি সেখানে গিয়ে যুবক নাঈমকে দেখতে পান। ওই যুবক হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের নবী হোসেনের ছেলে নাজমুল হোসেন নাঈম। ওই যুবক তাঁর মেয়েকে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। মেয়ের কাছ থেকে ধর্ষণের ঘটনা শুনে প্রতিবেশিদের সহায়তায় তিনি ওই যুবককে আটক করেন।
বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যুবককে স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাচাপা দিয়ে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার ঘটনাস্থলে গিয়ে আটক যুবক ও নির্যাতিতা ওই ছাত্রীকে থানায় নিয়ে আসে।
