সহকারী প্রক্টরকে লাঞ্ছিতের ঘটনায় জাবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:২৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সিকদার মো. জুলকারনাইনকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদল কর্মীসহ পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া এ ঘটনায় প্রোভিসি অধ্যাপক ড. আবুল হোসেনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে ভিসির বাসভবনের অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল রাব্বী রিয়াদ, অনিক শোভন বালা সনেট, আমিনুর রহমান তকি, মো. সুমন ও আরিফ আহমেদ মাফি। এরা সবাই ৪১ তম ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে ফয়সাল রাব্বী রিয়াদ ছাত্রদল কর্মী।
প্রক্টর তপন কুমার সাহা জানান, অভিযুক্ত পাঁচ ছাত্রের ব্যাপারে ডিসিপ্লিনারি বোর্ডে আলোচনা শেষে তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ সিন্ডিকেট সভায় পাঠানো হয়। সিন্ডিকেট সভায় তা পুনরায় আলোচনা করে অভিযুক্ত ছাত্রদের সাময়িক বহিষ্কার করে।’ উল্লেখ্য গত ১৯ জানুয়ারি রাতে ভিসির বাসভবনের সামনে ককটলে বিস্ফোরণের ঘটনায় সন্দেহে বুধবার বিকেলে পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মী রিয়াদকে আটক করতে গেলে তার বন্ধুরা বাধা দেয়। এ সময় হাতাহাতির এ পর্যায়ে অনিক শোভন বালা সনেট নামের এক শিক্ষার্থী সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইনকে আঘাত করে। এতে তার নাক ফেটে রক্ত বের হয়। পরে এ ঘটনায় রিয়াদ ও সনেটকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল বডির সদস্যরা।