ইউকে শিক্ষামেলা শুরু

ক্লাসপরীক্ষায় বাধা না দিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০৪
 
 
 
 
 
ইউকে শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘নতুন শিক্ষাবর্ষের শুরুতেই হরতাল-অবরোধে শিক্ষাব্যবস্থায় এবং শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব পড়েছে। এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়সূচি বারবার বদলাতে হচ্ছে। জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ এ সময় শিক্ষামন্ত্রী ক্লাস ও পরীক্ষা গ্রহণে আর কোনো বাধা না দিতে হরতাল-অবরোধকারীদের আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৭তম ইউকে শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এ মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার মেলার ঢাকাপর্বে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের দ্য পেনিনসুলা ও ১৮ ফেব্রুয়ারি সিলেটের রোজ ভিউ হোটেলেও এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় বাধা সৃষ্টির মাধ্যমে দয়া করে তাদের ভবিষ্যত্ নষ্ট করবেন না। কারণ, আজকে যারা শিক্ষার্থী আগামীদিনে তারাই দেশকে নেতৃত্ব দেবেন। এখন যদি তারা ভয়-আতঙ্কের মধ্যে বেড়ে ওঠে, তাহলে ভবিষ্যতের খেসারত দিতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা সব সময়ই সমাজ-রাষ্ট্রের সীমার বাইরে গিয়ে উত্তীর্ণ হয়। বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিয়োজিত হবে বলে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেন, ‘যুক্তরাজ্যের সংস্কৃতিতে বহুমত ও পথের মিলন ঘটেছে। উদার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের পাশাপাশি জ্ঞানার্জনের উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এ জন্যই বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা ভিড় জমান। বাংলাদেশি শিক্ষার্থীরাও যুক্তরাজ্যে শিক্ষা গ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক রবার্ট ডব্লিউ গিবসন, মার্কেটিং ও কমিউনিকেশন প্রধান আর্শিয়া আজিজ।