এবার বোমাবাজদের ধরিয়ে দিতে রাবি ছাত্রলীগের পুরস্কার ঘোষণা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৬
 
 
ছাত্রদল ও শিবিরের অবৈধ ধর্মঘটের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর একটায় ক্যাম্পাসের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলার দলীয় টেন্টে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে পেট্রলবোমা ও ককটেল হামলাকারীদের ধরিয়ে দিতে রাবি শাখা ছাত্রলীগের নেতারা পুরস্কার ঘোষণা করেন।
 
রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে সহ-সভাপতি সরকার ফারহানা আক্তার, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও শরিফুল ইসলাম সাদ্দাম, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ ও রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল প্রমুখ বক্তব্য দেন।
 

সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়া পাকিস্তানি টাকায় বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছেন। তিনি বাংলা সিনেমার মতো নিজের গায়ে নিজে আগুন দিয়ে সরকারের ঘাড়ে দায়ভার চাপিয়ে দেয়ার পাঁয়তারা করছেন। এছাড়া চলমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ছাত্রদল ও শিবির অবৈধভাবে অবরোধের উপর অবরোধের নামে রাজাকারের প্রেতাত্মারা পেট্রোল বোমা ও ককটেল হামলা করে মানুষ পুড়িয়ে মারছে। বোমা হামলাকারীদের প্রমাণসহ ধরিয়ে দিলে রাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।