টানা আট কর্মদিবস ডিএসইতে সূচক বৃদ্ধি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৪৩
 
 
 
টানা আট কর্মদিবস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন—রাজনৈতিক অস্থিরতায় গেল জানুয়ারি মাসে ব্যাপকভাবে দরপতন হয়েছে। এতে অনেক কোম্পানির শেয়ারদর তলানিতে নেমে এসেছে। এ ছাড়া, সামনে অনেক কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে। এতে বাজারে বিনিয়োগের আগ্রহ বেড়েছে। ফলে সূচক বাড়ছে।
তথ্যে দেখা গেছে—বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৯৭ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ২০ কোটি ১১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ৬২ লাখ টাকার। যা আগের দিনের তুলনায় ১৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।