এএফপিকে খালেদা

নতুন নির্বাচন ছাড়া সঙ্কটের সমাধান হবে না

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ২১:২৯
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নতুন নির্বাচন ছাড়া বর্তমান সঙ্কটের কোনো সমাধান হবে না।
বুধবার বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে দেয়া এক সাক্ষাত্কারে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের সচেতন ও বিবেকবোধ সম্পন্ন প্রতিটি মানুষ জানেন যে, বর্তমান রাজনৈতিক সঙ্কট সমাধানের একটিই মাত্র পথ আছে। তা হলো সবার অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক ও অর্থপূর্ণ নির্বাচন। যত দ্রুত তা আয়োজন করা হবে ততই তা সবার জন্য মঙ্গলজনক হবে। বিলম্ব করা হলে সঙ্কট আরও জটিল আকার ধারণ করতে পারে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকা খালেদার এটাই কোনো পশ্চিমা গণমাধ্যকে দেয়া প্রথম সাক্ষাত্কার।
বিএনপি নেত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন হতে হবে আলোচনার মাধ্যমে ও সব দলের ঐকমত্যের ভিত্তিতে। আমরা সেটাই চেয়েছি। সব দলের জন্য যাতে সমান ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি হয় সে জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও নির্বাচনী আইন নিয়ে কিছু সিদ্ধান্তে আসতে হবে। কিছুদিন আগে আমরা সাত দফা প্রস্তাব দিয়েছি। কিন্ত তাদের কাছ থেকে এ বিষয়ে কোন সাড়া মেলেনি।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানে তার কার্যালয়ে অবরুদ্ধ করার পর থেকে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। খালেদা জিয়া সড়ক অবরোধের ডাক দেয়ার পর বেশির ভাগ মানুষ মারা গিয়েছেন পেট্রোল বোমা হামলায়। পেট্রোল বোমা হামলার জন্য খালেদা জিয়া ওই সাক্ষাত্কারে দায়ী করেন ক্ষমতাসীন দলকে। তিনি বলেন, এসব সহিংসতার নেপথ্যে রয়েছে আওয়ামী লীগ। তারাই এ ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করছে। আমরা খবরের কাগজে পড়েছি, কিভাবে আওয়ামী লীগ অফিসে পাওয়া গেছে পেট্রোল বোমা। খালেদা জিয়া দাবি করেছেন, এ বছরের শুরু থেকে বিরোধী দলের ১৮,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে বুধবার তার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। তিনি সব দলকেই তাদের কর্মকাণ্ড বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থের আরো ক্ষতি হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা উচিত। শেখ হাসিনার ওপর আন্তর্জাতিক চাপকে স্বাগত জানিয়েছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত সরকারের ওপর কঠোর ও অধিক কার্যকর চাপ দেয়া, যাতে তারা সমঝোতা ও সংলাপে আসে।