বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের বর্তমান সংকট নিরসনে সংলাপই একমাত্র সমাধান। আর এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীকেই আলোচনা বা সংলাপের উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, আপনি একবার টেলিফোন করেছেন, কিন্তু খালেদা জিয়া সাড়া দেননি। আর এ সাড়া না দেয়া ছিলো খালেদা জিয়ার রাজনৈতিক ভুল। কিন্তু আপনি আরেকবার আলোচনা বা সংলাপের জন্য ডাকতে পারবেন না, সেটা তো কোথাও লেখা নেই। প্রধানমন্ত্রী আপনি দেশের সর্বোচ্চ আসনে বসে আছেন। যদি দেশকে রক্ষা করতে চান তাহলে অবিলম্বে আপনি আলোচনায় বসুন খালেদা জিয়ার সাথে। যদি না বসেন তবে প্রশ্ন উঠবে- আপনি দেশকে রক্ষা করতে চান কি-না?
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহসভাপতি এম খালেদ আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
