রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রতি সংলাপ আহবানকারীদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান খুনি। আর প্রধানমন্ত্রী দুঃস্থ-আক্রান্তদের সেবা করছেন। খালেদা জিয়ার সাথে শেখ হাসিনাকে এক পাল্লায় মাপবেন না। খুনিদের সাথে কোনো সংলাপ হতে পারে না। আপনাদের নাগরিক সমাজ, সুশীল সমাজ কিংবা নাগরিক কমিটি কে বানিয়েছে? তারা টকশোতে গিয়ে দেশের বিবেক সাজে। অথচ তাদের নিজেদের বিবেক নেই।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান গোল চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন। হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর শাখা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, সন্ত্রাসী-জঙ্গীদের অচিরেই দমন করা হবে। সহিংসতা দমনে প্রয়োজনে নাশকতাকারীদের এনকাউন্টারে মারা হবে। অনেকে এনকাউন্টারকে মানবতাবিরোধী অপরাধ বলেন। তাদের কাছে জিজ্ঞাসা, পেট্রোলবোমা দিয়ে মানুষ পোড়ানো কী মানবতাবিরোধী অপরাধ না?
