রাজধানীর সদরঘাটে লঞ্চের ভেতর থেকে পুলিশ এক স্বর্ন ব্যবসায়ির লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে। তার নাম অভি দেবনাথ (২৫)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এম ভি টিপু-৭ নামে একটি লঞ্চের ডেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অভি ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার পূর্ব নাসির নগর গ্রামের সুরেন্দ্র দেবনাথের ছেলে। তিনি স্বর্ণের ব্যবসা করতেন। সাত দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন তার পরিবার থেকে জানানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল মীর জানান, বুধবার রাতে বরিশাল থেকে এমভি টিপু-৭ লঞ্চ যোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় স্বর্ণ ব্যবসায়ী অভি। বৃহস্পতিবার সকালে লঞ্চটি সদরঘাট টার্মিনালে এসে ভিড়ে। কিছুক্ষণের মধ্যে সকল যাত্রী নেমে গেলে স্টাফরা লঞ্চ পরিষ্কার করতে যায়। এ সময় তারা লঞ্চের দ্বিতীয় তলার ডেকে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।তার মানিব্যাগে থাকা ভিজিটিং কার্ড থেকে পরিচয় সনাক্ত করে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোডর্) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের গায়ে আঘাতের কোন চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু ময়না তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
নিহতের চাচা প্রদীপ দেবনাথ জানান, গত এক সপ্তাহ আগে অভি নিখোঁজ হয়। অনেক খোঁজা-খুঁজি করেও কোথাও তাকে খুঁজে পাইনি। অভির নিজের একটি স্বর্ণের দোকান ছিল।
