হুকুমের আসামি হিসেবেই খালেদা জিয়া গ্রেফতার হবেন: ত্রাণমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৩৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আন্দোলনের নামে সারাদেশে প্রতিটি বোমা হামলার ঘটনায় হুকুমের আসামি হবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আর হুকুমের আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হবে।
বৃহস্পতিবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে শান্তির পক্ষে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, গত কয়েকদিনের হরতাল-অবরোধে যারা তাণ্ডব চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে।
ত্রাণমন্ত্রী বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। আর ওই নির্বাচনও হবে শেখ হাসিনার অধীনেই। বোমা হামলা করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। বোমা মেরে ক্ষমতায় যাওয়া গেলে তো একসময় দেশের প্রতিটি মানুষই ১/২টি করে  বোমা নিজের কাছে রাখবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।