চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ দোকান পুড়ে ছাই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৩৪

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩০টি দোকান ভষ্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাজারের চৌধুরী মার্কেটে এ ঘটনা ঘটে। এতে বামুন চৌধুরীর পাশাপাশি পৃথক দুটি মার্কেটের প্রায় ৩০টি দোকান ভষ্মীভূত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত (পৌঁনে ১০টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে জানাযায়, চান্দিনা বাজারের জনতা ব্যাংক সংলগ্ন বামুন চৌধুরী টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে সবকটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস, দাউদকান্দি, কুমিল্লা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে করার চেষ্টা করে। ততক্ষনে চৌধুরী টিনশেড মার্কেট ভষ্মীভূত হয়ে দ্বিতল মার্কেটে ছড়িয়ে পড়ে।
চান্দিনা থানা পুলিশ, বিজিপি সদস্যসহ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে। চান্দিনা ফায়ার সার্ভিটের স্টেশন মাস্টার ইয়াছিন প্রধানীয়া জানান, খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিই। কিন্তু ঘটনাস্থলটিতে গাড়ি প্রবেশ করতে পারছে না। তাই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এখনো (রাত পৌনে ১০টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি তাই মোট দোকানের সংখ্যা সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে কমপক্ষে ২০ থেকে ৩০টি দোকান পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করাও সম্ভব হচ্ছে না।
খবর পেয়ে চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিসহ ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান।