বাংলাদেশে সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৫৪

বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতার অবসানে দৃঢ়প্রতিজ্ঞ জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বাংলাদেশ জাতিসংঘের বড় অংশীদার। এ জন্যই মহাসচিব বান কি মুন বাংলাদেশ পরিস্থিতির উপর দৃষ্টি রাখছেন ও উদ্বেগ প্রকাশ করছেন।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক নিয়মিত প্রেস ব্রিফিং-এ প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেন। মুখপাত্র আরো জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ও ইতিবাচক অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজকে দায়িত্ব দিয়েছেন মহাসচিব। সহকারি মহাসচিব তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশে যে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটছে তাতে আমরা বহুবার উদ্বেগ প্রকাশ করেছি।
জাতিসংঘের মুখপাত্র অপর এক প্রশ্নের জবাবে জানান, অস্কার ফার্নান্দেজ তারানকো ও নিশা দেশাই বিসওয়াল ওয়াশিংটন ডিসিতে যে বৈঠক হয়েছে সে বিষয়ে পরে বলা যাবে। অনুমান করে কিছু বলা যাবে না।