বিএনপিকে অবশ্যই সন্ত্রাস ও জামায়াত সঙ্গ ছাড়তে হবে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৫৭

দেশের চলমান সহিংস পরিস্থিতিতে বিএনপিকে অবশ্যই সন্ত্রাস পরিত্যাগ করতে হবে। একই সঙ্গে জামায়াতের সংশ্রব ও রাস্তায় শক্তি প্রদর্শনের কৌশল ছাড়তে হবে। আর শেখ হাসিনার সরকারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নির্বাচনী সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে আলোচনার জন্য বিরোধী দলকে আহবান জানাতে হবে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এর এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে। 

‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’ শিরোনামের সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশে উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি অনমনীয় মনোভাব দেখাচ্ছে। উভয় দল তাদের এই অবস্থান থেকে সরে না আসলে এবং বিএনপি তাদের কর্মীদের সহিংস কর্মকান্ড থেকে বিরত না রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এতে আরো বলা হয়, গত ৫ জানুয়ারি খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করার প্রতিবাদে বিএনপির ডাকা অবরোধ ও হরতাল জনগণকে মানতে বাধ্য করার জন্য দলটির গুন্ডারা ব্যাপক হিংস্রতার আশ্রয় নিয়েছে যার ফলে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। জবাবে এদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার কঠোর অভিযান শুরু করেছে। এই সম্পাদকীয়তে আরো বলা হয়, সহিংসতার হোতাদের গ্রেফতার ও শাস্তি প্রদান বাঞ্ছনীয়। তবে  শেখ হাসিনার সরকারকে এটাও বুঝতে হবে, রাজনীতিকদের পারস্পরিক আলাপ-আলোচনা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং হার্ড-লাইন অনেক সময় আগুনে ঘি ঢালতে সাহায্য করে।