অবরোধ-হরতালের কারণে কয়েক দফা পেছানো হলেও এসএসসি ও সমমানের পরীক্ষা দিনে দুইটি করে নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, সকাল-বিকাল দুটি করে পরীক্ষা নেওয়া হবে না। এটা গুজব, আপনারা এই গুজবে কান দেবেন না।
তিনি বলেন, আমি ছেলে-মেয়েদের সাথে মিশি, তাদের মনের কথা বুঝি। দিনে দুটি পরীক্ষা নেব না। কৌশলে পরীক্ষাগুলো শেষ করে ঠিক সময়েই ফল দিয়ে দেব।
বিএনপি নেতৃত্বাধীর ২০ দলীয় জোটের হরতালের কারণে পিছিয়ে দেওয়া গত ৮ ফেব্রুয়ারির পরীক্ষা হচ্ছে শুক্রবার। সকাল নয়টা থেকে এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, দাখিলে আরবি প্রথম পত্র, এসএসসি ভোকেশনালে গণিত-২ (১৯২৩) ও গণিত-২ (৮১২৩) এবং ভোকেশনাল দাখিলে গণিত-২ (১৭২৩) ও গণিত-২ (৮৫২৩) বিষয়ের পরীক্ষা হচ্ছে।
