নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় চার ছাত্রদল নেতা মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, নুর নবীর ছেলে গোলাম মাওলার ছেলে আশরাফুল মাওলা (২৩), মাজহারুল ইসলাম ফরহাদ (২১), হকসাবের ছেলে নোমান (২৪) ও মৃত আবদুল মান্নান মেম্বারের ছেলে জুয়েল (২৭)।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত নয়টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের করইতলা নামক স্থান থেকে বাড়ীতে যাওয়ার পথে ১০/১৫ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চার ছাত্রদল নেতার শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম করে পালিয়ে যায়। এ সময় তাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।
