‘নাগরিক সমাজের প্রতিনিধিরা নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ০৫:০২
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংলাপের উদ্যোগ নেয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা নিজেদের বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছেন। শুক্রবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা সংলাপের উদ্যোগ নিয়েছেন তাদের শুরুতেই ভুল ছিল। বিএনপির অবরোধের নামে সহিংস কর্মকান্ডে যারা আওয়ামী লীগকে জড়াতে চাইছেন তারা নিরপেক্ষ নন। তারা সন্ত্রাস-সহিংসতা-নাশকতা বন্ধ করতে না বলে আলোচনা করতে গিয়েছেন। আলোচনা করার জন্য সমতল ভূমির প্রয়োজন। একটা ভাল কাজ খারাপভাবে শুরু করার কারণে নষ্ট হয়ে গেছে। এটা সংশোধন করে আর ঠিক করা যাবে না।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি করতে হলে জামায়াত-শিবিরকে ছাড়তে হবে। সহিংসতার জনক জামায়াত। জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানাতে চয়। জামায়াতের এজেন্ডা নিয়ে তো আপনারা এগোতে পারবেন না। যতটুকু এগোতে পারবেন সেটা দেশকে ধ্বংস করার পথে। এতে খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আপনার দলের নেতাকর্মীদের থেকেও বিচ্ছিন্ন হচ্ছেন। আপনার দলের নেতাকর্মীরাও এটা চায় না।

চলমান রাজনীতি নিয়ে এই আলোচন সভার আয়োজন করা হয়।