বেলারুশের রাজধানী মিনস্কে একটি শান্তি চুক্তি হওয়ার পরপরই ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক নগরীতে নতুন করে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। খবর এএফপি’র।
দোনেৎস্ক নগরীতে থাকা বিদেশি সাংবাদিকরা শুক্রবার সকালে নতুন করে গোলাবর্ষণের শব্দ শুনেছেন। তবে তারা জানান, গত কয়েক দিনের তুলনায় শব্দের প্রচণ্ডতা কম।
খবরে প্রকাশ করা হয়েছে, গোলাবর্ষণের ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত জানা যায়নি। উভয় নগরী রাশিয়াপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যকার রণক্ষেত্রের কাছাকাছি অবস্থিত।
মিনস্কে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি শনিবার মধ্যরাত থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে কার্যকর হওয়ার কথা রয়েছে।
চুক্তির প্রতি সম্মান দেখানো না হলে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
