গাজীপুরে জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় শুক্রবার দুপুরে গাড়িতে পেট্রোলবোমা মারার চেষ্টাকালে গুলি করে দুইজনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে দুইটি পেট্রোল বোমা, চাকু, ম্যাচ (দিয়াশলাই) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- জেলা শহরের টাংকিরপাড় এলাকার সানোয়ার হোসেনের ছেলে রুমান (৩০) ও মুন্সিপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে নাসির (২৪)।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, দুপুর আড়াইটার দিকে শিববাড়ি মোড় এলাকায় দুই পিকেটার গাড়িতে পেট্রোল বোমা মারার চেষ্টাকালে গুলি করে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে দুইটি পেট্রোল বোমা, একটি চাকু ও একটি ম্যাচ উদ্ধার করা হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আর এমও আব্দুল ছালাম জানান, নাসিরের ডান পায়ের এবং রুমানের বাম পায়ের হাটুর নিচে ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
