গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাস উল্টে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৫ যাত্রী।
শুক্রবার বিকেল ৪ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া এলাকার আবেদ আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে পিংকি পরিবহনের একটি বাস কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।
পথে কালিতলা এলাকায় একটি গরু দৌড়ে মহাসড়কে পার হওয়ার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এসময় আমিনুল ইসলামসহ বাসে অন্তত ৫ যাত্রী আহত হন এবং গরুটি ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার আমিনুলকে মৃত ঘোষণা করেন।
