রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৫৪
 
 
 
 
 
 
রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার, তেজগাঁও ও উত্তরায় পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পানির রিজার্ভ ট্যাংকের বিষাক্ত গ্যাসে একজন, ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে দুজন এবং সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেলে পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পল্লবী থানার এসআই আব্দুস সেলিম জানান—মনির হোসেন (৩৫) মিরপুর ৬ নম্বর সেকশনের ‘বি’ ব্লকের ৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ির কেয়ারটেকার। শুক্রবার বেলা ১১টার দিকে মনির হোসেন স্থানীয় জুয়েল ও আনোয়ারকে নিয়ে ৪ তলাবিশিষ্ট ওই বাড়ির নিচতলায় রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে যান। প্রথমে মনির হোসেন নিচে নামেন। কিন্তু নামার সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে—রিজার্ভ ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে তার মৃত্যু হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় শুক্রবার বেলা আড়াইটার দিকে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক গুরুতর আহত হন। পরে পথচারী মারুফ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের কসমো ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তেজগাঁওয়ে এফডিসি-সংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা যান।
জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান—তার লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।