আশুলিয়ার জিরাব পুকুরপাড়ে অবস্থিত মাহবুব এ্যাপারেলসে শ্রমিকদের উপর সন্ত্রাসী ও পুলিশী হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার সাভারের রানা প্লাজার সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রমজীবী সমন্বয় পরিষদ। সমন্বয় পরিষদের আহবায়ক শাহ আলম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী গার্মেন্টস ফ্রন্ট সাভার আশুলিয়ার সভাপতি সৌমিত্র কুমার দাশ, সমন্বয় পরিষদের উপদেষ্টা বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন , টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সাভারের সভাপতি কবির খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারি মাহবুব এ্যাপারেলসের শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে বাত্সরিক ইনক্রিমেন্ট, হাজিরা বোনাসসহ আরও কিছু দাবি উত্থাপন করলে মালিক পক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে পর দিন নোটিস টাঙ্গিয়ে যথারীতি ডিউটি হবে বলে ঘোষণা দেয়। কিন্তু ১০ ফেব্রুয়ারি কারখানায় প্রবেশের সময় সন্ত্রাসী ও পুলিশের সহায়তায় শ্রমিকদের উপর হামলা চালানো হয়।
