আজ মুখ্যমন্ত্রীর শপথ নিবেন কেজরিওয়ালমেট্রো নয়, যাবেন গাড়িতে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৪৯

ভারতের ন্যাশনাল ক্যাপিটল টেরিটোরি অব দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিবেন আম আদমি পার্টিও (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি রেডিওতে একটি কবিতা আবৃত্তি করে তার শপথ অনুষ্ঠানে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে আগেরবার শপথ অনুষ্ঠানে মেট্টোতে চড়ে গেলেও এবার গাড়িতে করে যাবেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

দিল্লির রামলীলা ময়দানে স্থানীয় সময় দুপুরে শপথ অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও দলটির সংসদ সদস্যরা ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানস্থলে ৫০টি সিসিটিভি ক্যামেরা এবং ১২টি এলসিডি পর্দাসহ তিন হাজার নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। আয়োজকরা জানিয়েছেন, ময়দানে ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। তবে এর কাছের পার্কে আরো ৫০ হাজার মানুষ বসতে পারবেন। কেজরিওয়াল তার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সরকারি কর্মকর্মতা এবং নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী দল বিজেপি’র প্রার্থী কিরণ বেদী ও কংগ্রেসের অজয় মাকেনকে আমন্ত্রণ জানিয়েছেন। কেজরিওয়ালের সঙ্গে আরো ৬ জন শপথ নিবেন। শপথের পর কাজ শুরু করার কথা থাকলেও ইতোমধ্যে তিনি মুখ্যসচিব ডিএম স্পোলিয়াকে তার দলের নির্বাচনী ইশতেহারের ৭০টি ধারাকে কার্যকর করতে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। এদিকে আগেরবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় অনুষ্ঠানস্থলে গণপরিবহন মেট্রোতে চড়ে গেলেও এবার পরিবারের সদস্যদের নিয়ে আলাদা গাড়িতে করে যাবেন বলে দলের এক নেতা জানিয়েছেন। এ নিয়ে মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। সমালোচনার জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা জানিয়েছেন, কেজরিওয়াল জ্বরে আক্রান্ত। তাই তিনি মেট্রোতে চড়ে যেতে পারবেন না।