রাজধানীর ডেমরার সারুলিয়াবাজারে সোনারগাঁ মিষ্টান্ন ভাণ্ডার নামের এক মিষ্টির দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আমান (৪০) নামের এক কর্মচারী দগ্ধ হয়েছেন। তার শরীরের এক-তৃতীয়াংশ পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২টায় গ্যাস সিলিন্ডার লিক (চোরাই ছিদ্র) হয়ে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে দোকানের মালিক কামাল জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান—মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার লিক থাকার কারণে দোকানের সামনে অবস্থিত চুলা থেকে বড় কড়াইয়ে হঠাত্ আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একটি মোটরসাইকেল পুড়ে নষ্ট হয়ে যায়, পাশের একটি চাটাইয়ের দোকান এবং ওপরের জনতা হাসপাতালের সাইনবোর্ডে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মুহাম্মদ রফি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
