বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, ‘পানি দূষণরোধকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শিল্পপ্রতিষ্ঠান থেকে অপরিকল্পিতভাবে বর্জ্য খাল-বিল, নদ-নদীতে ফেলার কারণে পানির দূষণমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিশুদ্ধ পানির চাহিদার বিপরীতে অভাব তীব্রতর হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংকের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অর্থায়নে তরল বর্জ্য পরিশোধনের জন্য ‘পানি গবেষণা কেন্দ্র’ উদ্বোধনপূর্ব কর্মশালায় শনিবার এ সব কথা বলেন তিনি।
ড. এ কে আজাদ বলেন, ‘কিভাবে পানি দূষণমুক্ত রাখা যায় এবং ব্যবহূত পানি কিভাবে পুনরায় ব্যবহার উপযোগী করা যায়, সে পদ্ধতি জানা এবং প্রয়োগ করা অপরিহার্য।’
সকাল ১০টা থেকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে ‘তরল বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সরকারী কর্মকমিশনের সদস্য সাবেক ভিসি অধ্যাপক শরিফ এনামুল কবির, ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, প্রোভিসি অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, প্রকল্পটির উপব্যবস্থাপক পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যপক আ ন ম ফখরুদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত গবেষণা প্রকল্প ‘পানি গবেষণা সেন্টার’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম।
