রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে আলোচনায় বসার জন্য আবারও আহবান জানিয়েছেন বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশ এখন জ্বলছে। এই ভয়াবহ অবস্থায় প্রধানমন্ত্রীর দায়িত্ব সবচেয়ে বেশি। দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীকে সংলাপে বসতে হবে, কথা তাকে বলতেই হবে।
শনিবার রাজধানীর বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত প্রতীকি গণঅনশন কর্মসূচিতে তিনি একথা বলেন।
বি. চৌধুরী বলেন, দেশের মানুষের দাবি, সংকট নিরসনে অবশ্যই তাদের আলোচনায় বসতে হবে। সংকট সমাধানে অবশ্যই প্রধানন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। ২০ দলীয় জোট নেত্রীকেও কথা বলতে হবে। দেশ ও জনগণের ভবিষ্যত্ চিন্তা করেই তাদের কথা বলতে হবে।
তিনি বলেন, ১৮ কোটি মানুষের একটাই দাবি, দেশের শান্তি নিশ্চিত করতে হবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি। বিদেশিদের মাধ্যমে সংলাপ হলে তা দেশের জন্য লজ্জাজনক হবে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে আপত্তি কিসের? বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিক চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, হারুন খান, হাফিজুর রহমান ঝণ্টু, শাহ আহমেদ বাদল, মাহফুজুর রহমান, ওবায়েদ মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, সাইফুল ইসলাম শোভন, বিএম নিজামসহ নেতা-কর্মীরা গণঅনশনে অংশ নেন।
