আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার নেওয়ার নামে জাতিকে বিভ্রান্ত করতে বিএনপি আরেকটি নাটক মঞ্চস্থ করছে।
শনিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাছান মাহমুদ আরো বলেন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিদিন রান্না-বান্না হচ্ছে। খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীরা রান্না করা খাবারই খাচ্ছেন। তারপরও প্রতিদিন ৫০ জনের খাবার নেওয়ার নামে নাটক করছে তারা।
খালেদার জিয়ার কার্যালয়ের সামনে কর্তব্যরত পুলিশের বরাত দিয়ে হাছান মাহমুদ বলেন, তার কার্যালয়ে খাবার নিতে কোনো রকম বাধা দেওয়া হয়নি। কিছু পত্র-পত্রিকা এমন কিছু সংবাদ পরিবেশ করে জাতিকে বিভ্রান্ত করছে। এ সময় হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন, কার্যালয়ে ৫০ জনের খাবার নেওয়া হয় কেন? সেখানে কি কোনো সন্ত্রাসীদের লুকিয়ে রাখা হয়েছে? আবারো বিএনপি জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের নিন্দা জানান তিনি।
খালেদা পদত্যাগ করলে জনপ্রিয় হবে বিএনপি
এদিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে ঢাকায় ১০ জন লোকও জড়ো করতে পারেননি খালেদা জিয়া। এ ব্যর্থতার দায়ে তাকে বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা পদত্যাগ করলে বিএনপি মানুষের কাছে যেতে পারবে। দলটি আরো জনপ্রিয় হবে।
