রাজধানীর শ্যামপুরে স্থানীয় জাতীয় পার্টি (জাপা) আয়োজিত এক ‘শান্তি সমাবেশে’ আওয়ামী লীগের মিছিল থেকে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জাপা দলীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
জানা গেছে—শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের পাশে শনিবার বিকালে বাবলার উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের। মন্ত্রী আসার আগে বিকাল সাড়ে ৪টার দিকে সমাবেশ শুরুর সময় পাশ দিয়ে যাওয়া আওয়ামী লীগের একটি মিছিল থেকে আকস্মিক গুলি ছোড়া হয়।
বাবলার সমর্থকদের দাবি—সংরক্ষিত আসনের আওয়ামী লীগ দলীয় এমপি অ্যাডভোকেট সানজিদা খানমের নেতৃত্বে হওয়া ওই মিছিল থেকে গুলি করা হলে সমাবেশ পণ্ড হয়ে যায়।
এ ব্যাপারে শ্যামপুর থানার ওসি নূরে আজম মিয়া জানান—সমাবেশে দুই পক্ষের মধ্যে চেয়ার নিয়ে মারামারি হয়েছে বলে তিনি শুনেছেন, তবে গুলির ঘটনা ঘটেছে কিনা, তা তিনি জানেন না।
