পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ০১:১৩

পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ রবিবার জরুরি বৈঠকে বসতে পারে। রাশিয়ার তৈরি যুদ্ধবিরতির একটি খসড়া অনুমোদন দিতে পারে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি ও এনডিটিভি’র।

ইউক্রেনের স্থানীয় সময় মধ্যরাত থেকে (গ্রীনিচ মান সময় রাত ১০টা) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে যুদ্ধবিরতি কার্যকর করতে ইতিবাচক ভূমিকা পালনের আহবান জানিয়েছেন। তবে পূর্ব ইউক্রেনের যুদ্ধবিরতি বলবত্ হবার মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও সেখানে এখনো তীব্র লড়াই চলছে। ওই এলাকার রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ডেবালেসভ শহরের ওপর রুশ সমর্থিত বিদ্রোহীরা ব্যাপক গোলাবর্ষণ করেছে। ক্রিমিয়ার সাথে সংযোগকারী মারিওপোল শহরেও নতুন করে লড়াই চলছে। ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, বিদ্রোহীদের হাতে এখন ন্যাটোর অনেক সৈন্যের চাইতেও ভাল অস্ত্র আছে।