আজকের এসএসসি পরীক্ষা শুক্রবার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ০২:২৭

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে এসএসসি’র আজ রবিবারের পরীক্ষা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি শুক্রবার পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ আটটি সাধারণ বোর্ডে গণিত (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডে ইংরেজি (অনিয়মিত) ও ইংরেজি প্রথম পত্র, কারিগরি বোর্ডে এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬, সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) এবং কারিগরি দাখিল ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬, সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬, সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

গতকাল শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেয়ার রোডের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে পরীক্ষা পিছানোর কথা জানান। হরতালের কারণে এসএসসি ও সমমানের গত ২, ৪, ৮, ১০ ফেব্রুয়ারির পরীক্ষা পিছানো হয়। এছাড়া ১২ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
পরীক্ষার সময় হরতাল না দেয়ার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা আমাকে বলতে পারেন, আপনি বেহায়ার মতো বার বার একই কথা বলছেন। আমাদের সন্তানদের জন্য আমি বেহায়া   হয়েছি। আমি আন্দোলনকারীদের পা ধরতেও রাজি আছি। তারা বলুক কী করতে হবে। গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ পর্যন্ত ছয়দিনের ৪৪টি বিষয়ের পরীক্ষা পিছানো হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এপ্রিলের প্রথমদিন শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষাও হুমকির মুখে পড়েছে।

এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।