হরতাল-অবরোধের নামে সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার দুইটি রিট শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
একই সঙ্গে এই ধরণের কর্মকাণ্ড কেন বেআইনি ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করেছে আদালত। এছাড়া হরতাল-অবরোধ ডাকা রাজনৈতিক দলগুলো সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে কেন ক্ষতিপূরণ দেবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
গত ৫ জানুয়ারি থেকে চলা অবরোধ ও হরতালের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যবসায়ী শাহিনুল ইসলাম শাহিন ও শফিউল আজম খান বারকু এই রিট দুইটি দায়ের করেন।
পিটিশন শুনানি করেন এম আমিরুল ইসলাম ও আবদুল মতিন খসরু।
