খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে জাইকা ও জিওবি'র অর্থায়নে ৬৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৮টি সেতুর উদ্বোধন হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা সড়ক ভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
খাগড়াছড়ি পর্যটন মোটেলে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সড়ক সার্কেলের তত্তাবধায়ক প্রকৌশলী এ.এস.এম. ফারুক হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম প্রমুখ।
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেতু উদ্বোধনের মধ্যদিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত সূচিত হয়েছে। কানেকটিভিটিতে বৈপ্লবিক পরিবর্তনের ফলে গোটা পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে গতি বাড়বে।
ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় হাটহাজারী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে জাইকার অধীনে ৪টি সেতুতে ৫৪ কোটি ২০ লাখ টাকা এবং জিওবি'র অধীনে আরো ৪টি সেতুর জন্য ১৪ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
