সিরাজগঞ্জের কামারখন্দে জেসমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তার স্বামীর নাম মোহাম্মদ আলী। এ ঘটনায় পুলিশ নিহতের শ্বশুর আব্দুল কুদ্দুস ও শাশুড়ি বিলকিস বেগমকে আটক করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
রবিবার দুপুর দেড়টায় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে গেছে, প্রায় ৩ বছর পূর্বে মোহাম্মদ আলীর সাথে বিয়ে হয় জেসমিনের। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। এরই জের ধরে শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তার পরই জেসমিন বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরকার জানান, নিহতের পরিবারের অভিযোগ তার মেয়েকে হত্যা করা হয়েছে। নিহতের গলার নিচে দাগ রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
