ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটচিরায় রবিবার ভোরে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবোঝাই বাস ও মাওয়াগামী প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন- পুলিশ কনস্টেবলসহ আব্দুর রাজ্জাক (৪২) ও প্রাইভেটকার চালক আব্দুস সালাম (৪০)। নিহত রাজ্জাকের স্ত্রী আমেনা খাতুন (৩৮), ছেলে মো. রাতুল (০৮) ও ভাগ্নে মো. আসলামকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগরের ওসি শেখ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীনগরের হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানিতে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া মহাসড়কের উক্ত স্থানে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল ও কার চালকের মৃত্যু হয়। তিনি আরও জানান, রাজধানীর রমনা থানায় কর্মরত কনস্টেবল আব্দুর রাজ্জাক মায়ের মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে প্রাইভেটকারযোগে স্ব-পরিবারের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরন্ময় কান্দি যাচ্ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরন্ময় কান্দি গ্রামের মৃত আব্দুল মালেক খানের ছেলে।
