ফেনীতে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ও ককটেল, দগ্ধ ১, আহত-২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০২

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ও অপর একটিতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে মোঃ হোসেন মিয়া (৪৮) নামে কাভার্ডভ্যানের হেলপার অগ্নিদগ্ধ ও চালক আবদুল হালিম (৩৮) আহত হন। অপর কাভার্ডভ্যানের চালক উদয় বিশ্বাস (৩৫) ককটেলের স্পিন্টারে আহত হন।

রবিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কের ফেনী সদরের রামপুর রাস্তার মাথা ও মধুপুর রাস্তার মাথা স্থানে এসব ঘটনা ঘটে।
গুরতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ হেলপার হোসেন মিয়া এবং আহত আবদুল হালিম ও উদয় বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে।
অগ্নিদগ্ধ হোসেন মিয়া লক্ষীপুরের রামগতির চরমাঠন এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। আহত আবদুল হালিম মুন্সীগঞ্জের শ্রীপুরের আবদুর রাজ্জাকের ছেলে এবং উদয় বিশ্বাস শেরপুরের গৌরীপুরের খোকন মিয়ার ছেলে।
ফেনী জেলা সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ ফয়েজ আকবর ও আবাসিক কর্মকর্তা (আরএমও) অসীম কুমার জানান, হাসপাতালে আনা আহত হোসেন মিয়ার শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপর দুজন ককটেলের স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ সামছুল আলম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।