বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই সহিংসতার অবশ্যই অবসান হতে হবে। সেইসঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার সুযোগ থাকতে হবে।
কানাডার হাইকমিশনার রবিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম) আয়োজিত দু’দিনব্যাপী শোকেস কানাডা ২০১৫-এর সমাপনী পর্বে সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি আরো বলেন, চলমান সহিংসতার কারণে বাংলাদেশ ও এর জনগণের ভাবমূর্তিতে ব্যাপক প্রভাব পড়বে। এ ধরনের সহিংসতা সত্যিই গ্রহণযোগ্য নয়। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা স্থিতিশীলতা ও শান্তি চায়। কানাডার বিনিয়োগ বাড়াতে অবশ্যই স্থিতিশীলতা দরকার। তিনি আরো বলেন, আমি সহিংসতায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট দেখে খুবই মর্মাহত। তারা খুবই হতদরিদ্র শ্রেণীর লোক। তাই এ অবস্থার অবসান চাই। অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা গণতন্ত্রের মূল ভিত্তি। এরপর মানবাধিকার, সুশাসন ও শান্তি প্রয়োজন।
হাইকমিশনার এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পূর্বশর্ত স্থিতিশীলতা। মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে ব্যবসা বিনিয়োগে স্থিতিশীলতা চাই। বাংলাদেশি রপ্তানিকারকদের কানাডার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হয়েছে। সেই সুযোগ গ্রহণ করতে হবে।
ক্যানচ্যাম-এর সভাপতি মাসুদ রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দু’দিনব্যাপী ‘শোকেস কানাডায়’ বাণিজ্য ও শিক্ষা মেলার আয়োজন করা হয়। এতে কানাডা ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাসমূহ প্রদর্শন করে।
