টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তের গুলিতে আব্দুল কদ্দুছ (৫০) নামে এক গ্রাম পুলিশ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার রাত দশটার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের কাছতলা গ্রামের ভাটপাড়ায় এ ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুছকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কুদ্দুছের স্ত্রী সাবেক ইউপি সদস্য ও ঘাটাইল উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য সাজেদা বেগম জানান, রবিবার রাত দশটার দিকে তার স্বামী দিগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের কদমতলীর ব্যাবসায়িক প্রতিষ্ঠান থেকে একসাথে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কাশতলা গ্রামের ভাটপাড়া নামক স্থানে পৌঁছালে পিছন থেকে দুই মুখোশধারী যুবক তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় কুদ্দুছ হাতে গুলিবিদ্ধ হন।
তারা ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে কুদ্দুসকে উদ্ধার করে। পরে গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় কুদ্দুসকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলের গুলির খোসা উদ্ধার হয়েছে।
