সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকেএকটি দেশীয় অস্ত্র, পাইপগান, গুলি, হাঁসুয়া ও ড্রেগারসহ সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালশাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। সিরাজুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বজ্রপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রবিবার রাতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী এলাকায় টহলরত পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সঙ্কেত দেয়। এ সময় মোটরসাইকেল ফেলে তিন আরোহী পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সিরাজুল ইসলামকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান, এক রাউন্ড গুলি, হাঁসুয়া ও ড্রেগার উদ্ধার করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
