গাইবান্ধায় সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৫২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনায় আহত সিরাজুল ইসলাম পন্ডিত (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায়  হত্যা মামলা হয়েছে। পুলিশ সোমবার তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের সাইদুর রহমান (৪৫), একই গ্রামের রেজাউল করিম (৩৫) ও রাজা মিয়া (২০)।
গত শুক্রবার সংর্ঘষে আহত সিরাজুলশহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে  মারা যান। সিরাজুল গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের কাবাজ উদ্দিনের  ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, সিরাজুলের সঙ্গে প্রতিবেশী খয়বর আলীর ছেলে সাইদুর রহমান গংদের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সিরাজুলসহ উভয় পক্ষের সাতজন আহত হন। এদের মধ্যে গুরুত্র আহত সিরাজুলকে এলাকাবাসী উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় সিরাজুলের ফুফা শরিফুল ইসলাম বাদী হয়ে এজাহার নামীয় ১২ জন ও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনায় জড়িত অভিযোগে সোমবার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।