ওয়াশিংটনে বসছেন কেরি-মাহমুদ আলী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ০৪:১৪
 
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা খালেদা বেগমের নাম উল্লেখ করে পাঠানো বার্তায় বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি ‘হোয়াইট হাউজ কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম সামিট’-এর আয়োজন করা হয়েছে।
সহিংস উগ্রবাদের বিরুদ্ধে হোয়াইট হাউজের এই সম্মেলনে অংশ নিতে জন কেরির আমন্ত্রণে মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে মাহমুদ আলীর।
ঐ দিনই অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি সম্মেলনের পাশপাশি জন কেরির সঙ্গে মাহমুদ আলীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোও আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর এটিই হবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সম্মেলনে ও দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গী হবেন পররাষ্ট্র সচিব মোহম্মদ শহিদুল হক।