আগুনে দগ্ধ হয়ে রাঙ্গামাটিতে একজনের মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩০

রবিবার দিবাগত মধ্যরাতে রাঙ্গামাটি শহরে আকস্মিক অগ্নিকাণ্ডে একজন নিহত হওয়ার পাশাপাশি তিন দোকানসহ চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। নিহত ব্যক্তি মুদি দোকানদার বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম রুবেল (২২)। একই লাইনে একই সারিতে অবস্থিত তিনটি দোকানের কোনো একটি থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুরে বলে জানা গেছে।
রাত পৌনে একটার সময় আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই বাঁশ ও কাঠ দিয়ে তৈরি তিনটি দোকানঘর ও তার নীচে অবস্থিত একটি ফ্যামিলি বাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের ভেতরে থাকা রুবেল নামের এক যুবক পুড়ে মৃত্যুবরণ করে।
স্থানীয়রা জানায়, রুবেল পেশায় একজন ব্যবসায়ী। তিনি নিজেই একটি দোকান পরিচালনা করতেন। এদিকে, আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে সঠিক কোনো কারণ জানা যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাঙামাটি জেলা প্রশাসনের অধিকর্তা জেলা প্রশাসক সামসুল আরেফিন। এ সময় রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনু সোহেল ইমতিয়াজসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।