জাতিসংঘের সহযোগিতা প্রত্যাখ্যান করল কঙ্গো

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:১০
 
গণপ্রজাতন্ত্রী কঙ্গো দেশটির গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে হুতু বিদ্রোহীদের দমনে যৌথ অভিযান চালাতে জাতিসংঘের সহযোগিতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রবিবার দেশটি এ ব্যাপারে আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
এর আগে গত শনিবার জাতিসংঘ জানিয়েছিল, তারা ডেমোক্রেটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডার(ডিএফএলআর) বিরুদ্ধে চালানো অভিযান থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে। ডিএফএলার রুয়ান্ডার হুতুদের পরিচালিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
এদিকে প্রেসিডেন্ট জোসেফ কাবিলা হুতু বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথ অভিযানে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাখ্যান করায় সংস্থাটির পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে।
জাতিসংঘের ২০ হাজার শক্তিশালী বাহিনীর কথা উল্লেখ করে সরকারি মুখপাত্র লামবার্ট মেন্দি রোববার বলেন, ‘কঙ্গো এমওএনইউএসসিও’র সহযোগিতা প্রত্যাখ্যান করছে।’
রাষ্ট্র প্রধান, এমওএনইউএসসিও’র প্রধান মার্টিন কবলার ও বিভিন্ন কূটনীতিকের মধ্যে আলোচনার পর মেন্দি আরো জানান, ‘প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন কঙ্গো একটি স্বাধীন সার্বভৌম দেশ।’
উল্লেখ্য, জানুয়ারিতে কঙ্গোর সামরিক বাহিনী দেশের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের বিরুদ্ধে এককভাবে অভিযান চালানোর ঘোষণা দেয়। সূত্র: এএফপি