ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:২১

খাদ্য দ্রব্যে ফরমালিনের ব্যবহার রোধে ফরমালিন নিয়ন্ত্রণ বিল ২০১৫ পাস করা হয়েছে। রবিবার সংসদে সুনির্দিষ্ট বিধান রেখে এই বিল পাস করা হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে লাইসেন্স ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার বা দখলে রাখতে পারবে না বলে বিধান করা হয়েছে।
বিলে লাইসেন্স, লাইসেন্সিং কর্তৃপক্ষ, হিসাব বহি, রেজিস্টার সংরক্ষণ ও মাসিক প্রতিবেদন দাখিল, তদন্ত, পরিদর্শন, ফরমালিন বিক্রয়ের দোকান সাময়িকভাবে বন্ধসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিলে প্রত্যেক জেলা ও উপজেলায় ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি গঠনের বিধান করা হয়েছে।
এছাড়া তদন্ত, তল্লাশি, আটক, বাজেয়াপ্তকরণ, পরোয়ানা জারির ক্ষমতা, পরোয়ানা ছাড়া তল্লাশি, তল্লাশির পদ্ধতি, আটক, আটক ব্যক্তি ও মালামাল বিষয়ে মামলা দায়ের এবং গ্রেফতারের ক্ষমতাসহ অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
এছাড়া, বিলের বিধান লংঘনের দায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দণ্ড প্রদানের বিধান করা হয়েছে। এতে লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন বা মজুদের দায়ে অনধিক যাবজ্জীবন কারাদণ্ড ও এর অতিরিক্ত সর্বোচ্চ ২০ লাখ ও সবনিম্ন ৫ লাখ টাকা জরিমানা করার বিধান করা হয়েছে।
বিলে লাইসেন্সের শর্ত ভঙ্গ লাইসেন্স ছাড়া বিক্রয় বা ব্যবহার, পরিবহন বা দখলে রাখা, উৎপাদনের যন্ত্রপাতি, গৃহ বা যানবাহন ব্যবহার, মিথ্যা ও হয়রানিমূলক মামলা অপরাধ পুন:সংঘটন, অর্থ দণ্ড রাসায়নিক পরীক্ষার জন্য পরীক্ষাগার স্থাপন, পরীক্ষক নিয়োগ ও রিপোর্ট প্রদান, অপরাধের বিচার, বিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।