ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে অনিয়মের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা হামিদুল হাসান এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন, তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান। এ ছাড়া মামলায় এজাহারভুক্ত আসামী সাবেক উপ-পরিচালক (ভূমি) মো. আজহারুল হককে (বর্তমানে সদস্য-ভূমি) কোনো সম্পৃক্ততা না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। গত বছরের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নম্বর-১১) দায়ের করে দুদক। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান এ মামলার তদন্ত করেছেন।
