চিত্র নায়ক হেলাল খান গ্রেফতার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৯
 
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নায়ক হেলাল খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার পুরান ঢাকার জনসন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, সোমবার বিকালে পুরান ঢাকার আদালত প্রাঙ্গণের সামনে জনসন রোড থেকে তাকে আটক করে মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) নেয়া হয়। তার বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে একটি মামলা রয়েছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে-এ বিষয়টি নিয়ে কোন সিদ্ধান্তের কথা জানায়নি ডিবি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মামলায় সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আদালতে হাজির করে পুলিশ। তার সঙ্গে দেখা করতে আদালত পাড়ায় যান নায়ক হেলাল খান। দেখা করে ফিরে যাওয়ার পথে বিকাল ৪টার দিকে জনসন রোড থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এর আগে রবিবার রাতে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে থেকে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ।